পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া জিতবে কারা, জানালো সুপার কম্পিউটার

২ জুলাই ২০২৬ - ১৬:১৬ অপরাহ্ণ
 0
পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া জিতবে কারা, জানালো সুপার কম্পিউটার

বিশ্বকাপের শেষ ষোলোতে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল পর্তুগাল ও ক্রোয়েশিয়া। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। হারলেই শেষ এমন সমীকরণের এই লড়াইয়ে জয়ী দল জায়গা করে নেবে শেষ ষোলোতে, আর পরাজিত দলকে বিদায় নিতে হবে শিরোপার স্বপ্ন থেকে।

ম্যাচটি ঘিরে বাড়তি আকর্ষণের অন্যতম কারণ দুই কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের মুখোমুখি হওয়া। আন্তর্জাতিক ফুটবলে নিজেদের দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা এই দুই তারকার জন্য এটি বিশ্বকাপের শেষ ম্যাচও হতে পারে। তাই ব্যক্তিগত ও দলীয় দুই দিক থেকেই ম্যাচটির গুরুত্ব অনেক বেশি।

গ্রুপ পর্বে পর্তুগাল খেলেছে ‘কে’ গ্রুপে। একটি জয় ও দুটি ড্রয়ে পাঁচ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় তারা। অন্যদিকে ‘এল’ গ্রুপে দুটি জয় ও একটি হারে ছয় পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থান নিশ্চিত করে ক্রোয়েশিয়া।

সাম্প্রতিক পারফরম্যান্স, ফিফা র‌্যাঙ্কিং এবং অতীত পরিসংখ্যান সব দিক থেকেই কিছুটা এগিয়ে রয়েছে পর্তুগাল। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান অষ্টম, যেখানে ক্রোয়েশিয়া রয়েছে ১৩ নম্বরে।

দু’দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও পর্তুগালের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত ১০ বার দেখা হয়েছে দু’দলের। এর মধ্যে সাতবার জয় পেয়েছে পর্তুগাল, ক্রোয়েশিয়ার জয় মাত্র একবার। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ১৮ নভেম্বর উয়েফা নেশন্স লিগে মুখোমুখি হয়ে ১-১ গোলে সমতায় মাঠ ছেড়েছিল দু’দল।

এদিকে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণেও এগিয়ে রাখা হয়েছে পর্তুগালকে। অপ্টা সুপার কম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত সময়ে পর্তুগালের জয়ের সম্ভাবনা ৫৬ দশমিক ৭ শতাংশ। ক্রোয়েশিয়ার জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৯ দশমিক ৬ শতাংশ। একই সঙ্গে ৯০ মিনিট শেষে ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনাও ১৯ দশমিক ৬ শতাংশ বলে উল্লেখ করেছে অপ্টা।

তবে নকআউট পর্বের ম্যাচে পরিসংখ্যান বা সম্ভাবনার চেয়ে মাঠের পারফরম্যান্সই শেষ কথা বলে। অভিজ্ঞতা, কৌশল এবং চাপ সামলে যে দল নিজেদের সেরাটা তুলে ধরতে পারবে, তারাই নিশ্চিত করবে শেষ আটে জায়গা।