শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট ভাইরাল
ঢাকাই চলচ্চিত্রের দুই প্রজন্মের জনপ্রিয় নায়িকা শাবনূর ও পূর্ণিমার সম্পর্ক নিয়ে আবারও আলোচনায় সোশ্যাল মিডিয়া। পর্দার বাইরে তাদের আন্তরিকতা ও শ্রদ্ধাবোধের একটি নতুন ঝলক দেখা গেল সম্প্রতি পূর্ণিমার একটি আবেগঘন পোস্টে, যেখানে তিনি শাবনূরকে নিয়ে স্মৃতিচারণ করেছেন ভালোবাসা ও সম্মানের ভাষায়। সামাজিক যোগাযোগমাধ্যমে পূর্ণিমার পোস্টটি এখন ভাইরাল। অভিনেত্রীর পোস্টে অনেকেই কমেন্ট করেছেন আর কেউ করেছেন শেয়ার। ৮২ হাজারের বেশি রিয়েকশন এসেছে পোস্টে।
সম্প্রতি শাবনূরের সঙ্গে কাটানো পুরোনো কিছু মুহূর্তের একটি ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন চিত্রনায়িকা পূর্ণিমা। সেই ভিডিও ঘিরেই ভক্তদের মধ্যে তৈরি হয় নস্টালজিয়া ও আবেগঘন পরিবেশ। ভিডিওর ক্যাপশনে পূর্ণিমা লেখেন, কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র ‘শাবনূর’ আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ।
শাবনূরকে নিয়ে পূর্ণিমার ফেসবুক পোস্ট। ছবি: অভিনেত্রীর ফেসবুক
তিনি আরও লিখেছেন, ২-৩ বছর আগে তার সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজও আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি। বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ।
শাবনূর ও পূর্ণিমা। ছবি: সংগৃহীত
বর্তমানে শাবনূর বড় পর্দায় নিয়মিত না থাকলেও তাকে নিয়ে সহকর্মী ও ভক্তদের ভালোবাসা এখনো স্পষ্ট। পূর্ণিমার পোস্টেও সেই অনুপস্থিতির অনুভব উঠে এসেছে। তিনি শাবনূরের সুস্থতা কামনা করে লেখেন, “আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।”
ঢালিউডের ইতিহাসে শাবনূর ও পূর্ণিমা দুজনেই নিজেদের অভিনয় ও জনপ্রিয়তার মাধ্যমে আলাদা জায়গা করে নিয়েছেন। এক সময় তাদের নিয়ে প্রতিদ্বন্দ্বিতার আলোচনা থাকলেও বাস্তব জীবনে তাদের পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধন এখন ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।