এতদিন কোথায় ছিলেন চিত্রনায়িকা বুবলী

৮ জুন ২০২৬ - ০৬:৫৪ পূর্বাহ্ণ
 0
এতদিন কোথায় ছিলেন চিত্রনায়িকা বুবলী

সন্তান জন্মের প্রায় তিন সপ্তাহ পর গত ৫ জুন বিষয়টি প্রকাশ্যে আনেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। ওইদিন ফেসবুক ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টের ক্যাপশনে তিনি জানান, গত ১১ মে তার কন্যাসন্তানের জন্ম হয়েছে। সন্তানের নাম রাখা হয়েছে শারলিন খান। এ তথ্য জানানোর পরই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে থাকেন ইন্ডাস্ট্রির সহকর্মী ও ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

প্রিয় তারকার দ্বিতীয়বার মা হওয়ার খবরে যেমন অভিনন্দনের বার্তা আসতে থাকে, একইসঙ্গে কিছু প্রশ্নও উঠে এসেছে। বিশেষ করে গত কয়েক মাস কোথায় ছিলেন অভিনেত্রী, কোথায় সন্তান ভূমিষ্ঠ হয়েছে- বাংলাদেশে নাকি যুক্তরাষ্ট্রে; এমন নানা প্রশ্ন।

তবে বুবলীর দ্বিতীয়বার মা হওয়া নিয়ে অনেক আগে থেকেই বিনোদন অঙ্গনে নানা গুঞ্জন ছিল। গত কয়েক মাস তো তাকে সেভাবে জনসমক্ষে দেখা যায়নি। তার অভিনীত সিনেমা মুক্তি পেলেও প্রিমিয়ার শো, সংবাদ সম্মেলন এবং প্রচারণা ও প্রেক্ষাগৃহ পরিদর্শনেও সেভাবে দেখা যায়নি তাকে। অর্থাৎ―বছরের শুরুতে আড়ালে চলে যান। যা নিয়ে কৌতূহল বাড়তে থাকে সবার।

এর আগে গত বছরের অক্টোবরে বুবলীর মা হতে যাওয়া নিয়ে নানা চর্চা দেখা যায়। ওই সময় সংবাদমাধ্যম থেকে যোগাযোগ করা হলেও বিষয়টি ব্যক্তিগত ও পারিবারিক বলে এড়িয়ে গেছেন তিনি। কিন্তু পরবর্তীতে কার কিছু ছবি ও ভিডিও নিয়ে আলোচনা শুরু হয়। তার শারীরিক পরিবর্তনও নজরে আসে। তখন অনেকেই চর্চা করতে থাকেন, হয়তো আবারও মা হতে যাচ্ছেন বুবলী। এরপরও এ ব্যাপারে কোনো কথা বলতে দেখা যায়নি তাকে।

চলতি বছরের শুরুতেও তাকে প্রকাশ্যে কম দেখা গেছে। তখনও তার মা হতে যাওয়া নিয়ে নানা গুঞ্জন চলতে থাকে। ওই সময় কেউ কেউ বলেছেন, সন্তান জন্ম দিতে হয়তো যুক্তরাষ্ট্র যাচ্ছেন। কারণ, এর আগে প্রথম সন্তান সেখানে জন্ম হয়েছে তাদের। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, অভিনেত্রীর ঘনিষ্ঠজনদের কয়েকজন নাকি জানিয়েছেন, এবারও যুক্তরাষ্ট্র যাওয়ার পরিকল্পনা ছিল তার। যাবতীয় প্রস্তুতিও নেয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটি আর হয়ে ওঠেনি।

প্রতিবেদনে বুবলীর ঘনিষ্ঠ সূত্রের বরাত বলা হয়েছে, যুক্তরাষ্ট্র না গেয়ে এই সময়টায় ঢাকাতেই কাটিয়েছেন এ নায়িকা। চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও করিয়েছেন। এই সময় ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য বেশ সীমিত পরিসরে চলাফেরা করেছেন। অনেকটা আড়াল বজায় রেখেছেন।

এদিকে দ্বিতীয় সন্তান জন্মের কয়েক মাস আগেও শুটিং ও বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত ছিলেন বুবলী। কয়েকটি সিনেমার শুটিং করেছেন। চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফির ‘প্রেশার কুকার’ সিনেমার শুটিং করেছেন। গত ঈদুল ফিতরে মুক্তি পায় সিনেমাটি। তবে এর প্রচারণায় দেখা যায়নি তাকে। যা অনেকেরই নজরে আসে। কেননা, স্বাভাবিকভাবেই সে নিজের সিনেমা মুক্তি পেলে প্রেক্ষাগৃহ পরিদর্শন, প্রচারণায় সরব থাকেন। কিন্তু ‘প্রেশার কুকার’ নিয়ে তার নীরবতা রহস্য বাড়ায়।

তবে গত ৫ জুন সোশ্যাল মিডিয়ায় কন্যাসন্তান জন্মের কথা বুবলী জানানোর পর, সন্তান কোথায় জন্ম হয়েছে এ নিয়ে নতুন করে আলোচনয় শুরু হয়। তার ঘনিষ্ঠজনরা পরে সংবাদমাধ্যমকে জানান, বসুন্ধরা আবাসিক এলাকার একটি বেসরকারি হাসপাতালে সন্তান জন্ম দিয়েছেন বুবলী।

এছাড়া মাতৃত্বের জন্য পিছিয়ে যাওয়া কাজগুলোও নাকি এখন ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছেন এ অভিনেত্রী। তার সঙ্গে কাজ করা ক’জন নির্মাতা জানিয়েছেন, ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছেন। শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ হলে দুই-এক মাসের মধ্যেই ফের শুটিংয়ে ফেরার সম্ভাবনা রয়েছে তার।

এ নায়িকা কন্যাসন্তান জন্মের কথা জানিয়ে ফেসবুকে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

বুবলী তার পোস্টে একটি ছবিও যুক্ত করেছেন। ছবি অনুযায়ী, গত ১১ মে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। সন্তানের নাম রাখা হয়েছে শারলিন খান। আর পোস্টটি চিত্রনায়ক শাকিব খানকে ট্যাগ করেছেন তিনি।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে হয় শাকিব-বুবলীর। অভিনেত্রী নিজেই শাকিবের সঙ্গে বিয়ের তারিখ জানিয়েছিলেন। ২০২২ সালের ৩ অক্টোবর অফিশিয়াল ফেসবুক পেজে শাকিব খানের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করে বিয়ের তারিখ প্রকাশ করেন এই নায়িকা। স্ট্যাটাসে লেখেন, “এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০।”

এর মধ্যে ‘২০ জুলাই ২০১৮ সাল’ হচ্ছে শাকিব-বুবলীর বিয়ের তারিখ এবং ‘২১ মার্চ ২০২০ সাল’ হচ্ছে ছেলে শেহজাদ খান বীরের জন্ম তারিখ।