বিশ্বকাপের মাঠে নামার আগে মরক্কোর ‘মিশন থ্রি’

১৪ মে ২০২৬ - ০৭:০০ পূর্বাহ্ণ
 0
বিশ্বকাপের মাঠে নামার আগে মরক্কোর ‘মিশন থ্রি’

মরক্কো আগামী মাসের বিশ্বকাপ শুরুর আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা নিশ্চিত করেছে, যা তাদের নতুন কোচকে স্কোয়াড গুছিয়ে নেওয়ার জন্য বাড়তি সময় দেবে।

চার বছর আগে কাতার বিশ্বকাপে চমক জাগানিয়া সেমিফাইনালিস্ট মরক্কো, গত মার্চে ওয়ালিদ রেগরাগির পদত্যাগের পর মোহামেদ ওয়াহবিকে কোচ হিসেবে নিয়োগ দেয়। দায়িত্ব নেওয়ার পর ওয়াহবি এ পর্যন্ত মাত্র দুটি ম্যাচে ডাগআউটে ছিলেন, যার একটি ইকুয়েডরের সঙ্গে ড্র এবং অন্যটি প্যারাগুয়ের বিপক্ষে জয়।

Morocco
মরক্কোর ফুটবল ফেডারেশন জানিয়েছে, ২৬ মে সালে’তে অবস্থিত তাদের ট্রেনিং সেন্টারে রুদ্ধদ্বার মাঠে বুরুন্ডির মুখোমুখি হবে দল। এরপর ২ জুন রাবাতে মাদাগাস্কারের বিপক্ষে মাঠে নামবে তারা, যেখানে সমর্থকরা স্টেডিয়ামে উপস্থিত থেকে দলকে বিদায় জানানোর সুযোগ পাবেন।

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর নিউজার্সির বাস্কিং রিজে হবে মরক্কোর বেস ক্যাম্প। সেখানে নিজেদের প্রস্তুতি পর্ব শেষ করতে ৭ জুন নিউইয়র্কে নরওয়ের বিপক্ষে একটি ম্যাচে লড়বে তারা। ২২ মে থেকে মরক্কোর মূল প্রস্তুতি শুরু হওয়ার কথা থাকলেও চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে তার এক সপ্তাহ পর।

বিশ্বকাপে সি-গ্রুপে থাকা মরক্কো ১৩ জুন নিউইয়র্কে ব্রাজিলের বিপক্ষে তাদের অভিযান শুরু করবে। এরপর ১৯ জুন বোস্টনে স্কটল্যান্ড এবং ২৪ জুন আটলান্টায় হাইতির মুখোমুখি হবে তারা।