ব্রাজিল দলে নেইমার কি থাকছেন, মুখ খুললেন আনচেলত্তি

১৪ মে ২০২৬ - ০৬:৫৬ পূর্বাহ্ণ
 0
ব্রাজিল দলে নেইমার কি থাকছেন, মুখ খুললেন আনচেলত্তি

আগামী সোমবার ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করতে যাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে, রিও ডি জেনিরোর বাতাসে এখন একটিই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, দলে কি নেইমার থাকছেন, নাকি থাকছেন না? ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার জন্য এবারের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যেখানে একদিকে আছে তাঁর কিংবদন্তিতুল্য ইমেজ আর অন্যদিকে ফিটনেস নিয়ে দুশ্চিন্তা।

৩৪ বছর বয়সী ফরোয়ার্ড নেইমারের ক্যারিয়ার এখন এক সন্ধিক্ষণে। চোটের কারণে দীর্ঘ বিরতি এবং সান্তোসে ফেরার পর আশানুরূপ পারফরম্যান্স করতে না পারা তাঁর বিশ্বকাপ খেলার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, আনচেলত্তি ব্রাজিলের হেক্সা জয়ের মিশনে একটি উচ্চ-গতির ফুটবল দর্শন সাজিয়েছেন, যেখানে ফিটনেসই শেষ কথা।

Carlo Ancelotti
রয়টার্সকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, নেইমার এই দেশের জন্য এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং তাঁর প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সাম্প্রতিক সময়ে সে অনেক সমস্যার মধ্য দিয়ে গেছে এবং সেরে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছে। অবশ্যই এটি আমার জন্য কোনো সহজ সিদ্ধান্ত নয়। আমাকে এর ভালো এবং মন্দ, উভয় দিকই খুব সতর্কতার সাথে বিবেচনা করতে হবে।

আনচেলত্তি আরও যোগ করেন, গত কয়েক ম্যাচে নেইমারের ফিটনেসের উন্নতি হয়েছে এবং তিনি নিয়মিত খেলছেন। তবে, বিশ্বকাপ জেতার মতো উচ্চ তীব্রতার ফুটবল তিনি টানা খেলে যেতে পারবেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

Naymer
ব্রাজিল দলের অনেক সতীর্থই প্রকাশ্যে নেইমারকে দলে রাখার দাবি জানিয়েছেন। এ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, আমি জানি নেইমার জনমনে এবং দলের খেলোয়াড়দের কাছে কতটা জনপ্রিয়। ড্রেসিংরুমেও তাঁর উপস্থিতি ইতিবাচক প্রভাব ফেলে। খেলোয়াড়রা তাদের মতামত দিচ্ছে, এতে আমি খুশি। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটি আমাকেই নিতে হবে।

তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নেইমারকে দলে রাখার জন্য তাঁর ওপর কোনো মহলের চাপ নেই। তিনি সম্পূর্ণ পেশাদার দৃষ্টিকোণ থেকে নেইমারের পারফরম্যান্স বিচার করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগেই শিরোপা জেতা একমাত্র কোচ আনচেলত্তি তাঁর শান্ত স্বভাবের জন্য পরিচিত। তিনি রসিকতা করে বলেন, একটি নিখুঁত দল গঠন করা অসম্ভব। তবে আমি এমন একটি দল গড়ার চেষ্টা করছি যাতে অন্যদের তুলনায় ভুলের পরিমাণ কম থাকে।

Carlo Ancelotti
আনচেলত্তির কৌশল অনুযায়ী তাঁর চারজন ফরোয়ার্ডকেই প্রচুর দৌড়াতে হবে এবং রক্ষণভাগকে সাহায্য করতে হবে। নেইমার এই শারীরিক ধকল সইতে পারবেন কি না, তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ।

সোমবারের দল ঘোষণার মাধ্যমেই অবসান ঘটবে সব জল্পনা-কল্পনার। রিও ডি জেনিরোর ফুটবল মহলে এখন চাপা উত্তেজনা। নেইমারের জাদুকরী ফুটবল আর আনচেলত্তির আধুনিক কৌশলের রসায়ন কি দেখা যাবে উত্তর আমেরিকার মাঠে? উত্তরটি জানতে পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে সেই মাহেন্দ্রক্ষণের দিকে।