অল্পের জন্য বিরল বিশ্বরেকর্ড হাতছাড়া হলো শান্তর

১২ মে ২০২৬ - ০৮:০৮ পূর্বাহ্ণ
 0
অল্পের জন্য বিরল বিশ্বরেকর্ড হাতছাড়া হলো শান্তর

মিরপুর টেস্টে আরেকটি সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েও থামতে হলো নাজমুল হোসেন শান্তকে। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ১০১ রানের দারুণ এক ইনিংস খেলা বাংলাদেশ অধিনায়ক দ্বিতীয় ইনিংসেও শতকের আভাস দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ১৩ রানের আক্ষেপ নিয়েই ফিরতে হয়েছে তাকে। সেই সঙ্গে হাতছাড়া হয়েছে বিরল এক বিশ্বরেকর্ড গড়ার সুযোগও।

পাকিস্তানকে বড় লক্ষ্য দেয়ার উদ্দেশ্যে পঞ্চম দিনের শুরুতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের পথেই হাঁটছিল বাংলাদেশ। একপ্রান্তে নেতৃত্ব দিচ্ছিলেন শান্ত। তবে ৬৮তম ওভারে নোমান আলীর ঘূর্ণিতে থামতে হয় তাকে। রিভার্স সুইপ খেলতে গিয়ে বলের লাইন পুরোপুরি মিস করেন বাঁহাতি এই ব্যাটার। বল গিয়ে আঘাত হানে তার প্যাডে। আম্পায়ার এলবিডব্লিউর সিদ্ধান্ত দিলে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি শান্ত। ১৫০ বলে সাত চারে ৮৭ রান করে ফিরতে হয় তাকে।

এই ইনিংসের আগে প্রথম ইনিংসে ১০১ রান করেছিলেন শান্ত। ফলে একই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির খুব কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এর আগেও দুবার এক ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন বাংলাদেশ অধিনায়ক। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে করেছিলেন ১৪৬ ও ১২৪ রান। এরপর ২০২৫ সালের জুনে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ১৪৮ ও ১২৫ রানের দুটি ইনিংস।

মিরপুরে এবারও দুই ইনিংসে শতকের সম্ভাবনা জাগিয়েছিলেন শান্ত। সেটি করতে পারলে বিশ্বের মাত্র চতুর্থ ব্যাটার হিসেবে তিনটি আলাদা টেস্টে জোড়া সেঞ্চুরির কীর্তিতে নাম লেখাতেন তিনি। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত কেবল সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার তিনবার করে এই কীর্তি গড়েছেন। কিন্তু ১৩ রানের আক্ষেপে সেই তালিকায় নাম লেখানোর সুযোগ হাতছাড়া হলো বাংলাদেশের অধিনায়কের।

চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৫২ রান। লিড ছিল ১৭৯ রানের। শান্ত ৫৮ ও মুশফিকুর রহিম ১৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন। তবে পঞ্চম দিনের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দ্রুত রান তোলার চেষ্টায় হাসান আলির বলে তুলে মারতে গিয়ে মিডঅফে ক্যাচ দেন মুশফিক। ২২ রান করে ফেরেন তিনি। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি লিটন দাসও। শাহিন শাহ আফ্রিদির বলে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দেন এই উইকেটরক্ষক ব্যাটার। ১১ রান আসে তার ব্যাট থেকে।

একপ্রান্তে অবশ্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন শান্ত। এর আগে দ্বিতীয় ইনিংসে মুমিনুল হকও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন। প্রথম ইনিংসে ৯১ রান করা এই বাঁহাতি ব্যাটার দ্বিতীয় ইনিংসেও তুলে নেন অর্ধশতক। ১২০ বলে ৫৬ রান করে শাহিন আফ্রিদির বলে উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দেন তিনি। এই ফিফটির মধ্য দিয়ে টানা পাঁচ ইনিংসে অর্ধশতকের দেখা পেলেন মুমিনুল। একই সঙ্গে স্পর্শ করেন টেস্ট ক্যারিয়ারের পাঁচ হাজার রানের মাইলফলকও। বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। এর আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল।

শান্ত বিদায়ের পর দ্রুত ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে শান্ত করেন ৮৭ রান, মুমিনুল ৫৬। পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন হাসান আলী ও নোমান আলী।

টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ করেছিল ৪১৩ রান। জবাবে পাকিস্তান অলআউট হয় ৩৮৬ রানে। ২৭ রানের লিড পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তুলে পাকিস্তানের সামনে ২৬৮ রানের লক্ষ্য দাঁড় করায়।