সৌদি পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি, আরও দুইজনের মৃত্যু
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১২৮টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছান তারা। শনিবার (৯ মে) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
এছাড়াও সৌদি এয়ারলাইনস পরিচালিত ৪৭টি ফ্লাইটে জেদ্দায় পৌঁছেছেন ১৭ হাজার ৬৪৬ জন হজযাত্রী। সেই সঙ্গে ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ২২টি ফ্লাইটে আরও ৮ হাজার ৮৫৯ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন। সবমিলিয়ে সরকারি মাধ্যমে ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি মাধ্যমে ৪৬ হাজার ২৫ জন হজযাত্রী মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন।
এদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের নিয়ে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন মহিলা। যাদের মধ্যে মক্কায় ১০ জন এবং মদিনায় ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় হজযাত্রীদের প্রথম ফ্লাইট। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে।