১০ টাকায় ইলিশ বিতরণের ঘোষণায় বিপাকে রায়হান জামিল

১৭ সেপ্টেম্বর ২০২৫ - ০৯:৩৭ পূর্বাহ্ণ
 0
১০ টাকায় ইলিশ বিতরণের ঘোষণায় বিপাকে রায়হান জামিল

ফরিদপুরের সদরপুরে মাত্র ১০ টাকায় ইলিশ মাছ বিতরণের উদ্যোগ নিয়ে ব্যাপক বিপাকে পড়েছেন মাওলানা রায়হান জামিল। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

খবরে জানা যায়, ১০ টাকায় ইলিশ পাওয়া যাবে এমন ঘোষণায় আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ভিড় জমায় মাঠে। কিন্তু প্রত্যাশিত পরিমাণ মাছ না থাকায় সেখানে শুরু হয় বিশৃঙ্খলা ও ধাক্কাধাক্কি। এক পর্যায়ে ভিড়ের চাপে বিতরণ কার্যক্রম ব্যাহত হয় এবং রায়হান জামিল দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করেন। পরে ভাষণচর ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ জনতা তার গাড়ি আটকায়। তবে স্থানীয় কয়েকজনের সহায়তায় তিনি নিরাপদে সেখান থেকে সরে আসতে সক্ষম হন।

ভিড়ের মধ্যে উপস্থিত একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা শুনেছিলাম মাত্র ১০ টাকায় ইলিশ দেওয়া হবে। সেই আশায় সকাল থেকে দাঁড়িয়ে ছিলাম, কিন্তু মাছ না পেয়ে উল্টো মারামারি, ধাক্কাধাক্কির মধ্যে পড়তে হয়েছে। শেষ পর্যন্ত দেখি আয়োজক নিজেই পালিয়ে গেলেন।”

ঘটনা প্রসঙ্গে মুফতি রায়হান জামিল জানান, মানুষের উপকারের উদ্দেশ্যেই তিনি এ উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু অপ্রত্যাশিত ভিড় ও অগোছালো পরিস্থিতির কারণে কার্যক্রম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তাজনিত কারণে বাধ্য হয়ে তাকে দ্রুত স্থান ত্যাগ করতে হয়।

এ বিষয়ে সদরপুর থানার ওসি সুকদেব রায় জানান, “আমরা আগেই রায়হান জামিলকে এ ধরনের কর্মসূচি নিয়ে সতর্ক করেছিলাম। তিনি পরামর্শ না শুনে বিতরণ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঠানো হয়। তবে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

উল্লেখ্য, বিশিষ্ট আলেম মুফতি রায়হান জামিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।