চাকরিতে পুনর্বহালে ১৫ দিনের আল্টিমেটাম ৬ ইসলামী ব্যাংক কর্মকর্তাদের

১৯ এপ্রিল ২০২৬ - ১০:৪১ পূর্বাহ্ণ
 0
চাকরিতে পুনর্বহালে ১৫ দিনের আল্টিমেটাম ৬ ইসলামী ব্যাংক কর্মকর্তাদের

চাকরিতে পুনর্বহালে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছে শরীয়াহভিত্তিক ছয় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। রোববার (১৯ এপ্রিল) সকাল থেকে মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মতিঝিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আন্দোলনকারীদের দাবি, গত ৫ আগস্টের পর প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। এক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি। তারা ব্যাংকখাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করাসহ স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানান।

একই সঙ্গে নিয়োগ ও পদোন্নতি মেধার ভিত্তিতে নিশ্চিত, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং সুশাসনের দাবি জানান আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা।

মানববন্ধনে ইসলামী ব্যাংক ছাড়াও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ব্যাংক ও আল আরাফাহ ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুতরা অংশ নেন।

অভিযোগ রয়েছে, ব্যাংকগুলোতে অবৈধভাবে অযোগ্যদের চাকরি দেয়া হয়েছিল। পরে অন্তর্বর্তী সরকার মূল্যায়ন পরীক্ষার আয়োজন করলেও অংশ নেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।