লিটারপ্রতি কত টাকা বাড়ল ডিজেল-অকটেন-পেট্রোলের দাম?
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। এতে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার জ্বালানি তেলের দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে।
অর্থাৎ, নতুন সমন্বয়ে প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা দাম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি প্রতি লিটার কেরোসিনে বাড়তি ১৮ টাকা, পেট্রোলে বাড়তি ১৯ টাকা ও অকটেনে ২০ টাকা গুণতে হবে ভোক্তাকে। জ্বালানি তেলের নতুন এই দাম রোববার থেকেই কার্যকর হবে।
ইতোমধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মার্চের স্মারকমূলে জারিকৃত ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের মূল্য পরিবর্তন করে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য লিটারপ্রতি ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় পুনর্নির্ধারণ করা হলো। পুনর্নির্ধারিত এই মূল্য যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত, যা রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হবে।
এ ক্ষেত্রে ডিপোর প্রথম ৪০ কিলোমিটারের অতিরিক্ত দূরত্বের ক্ষেত্রে সড়কপথে ট্যাংকলরিযোগে জ্বালানি তেল পরিবহনের ভাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা গত ২৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখের প্রজ্ঞাপনমূলে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।