রাষ্ট্রপতিকে নিয়মতান্ত্রিক উপায়ে সরানোর প্রক্রিয়া শুরু করা উচিত: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়মতান্ত্রিক উপায়ে অপসারণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রামপুরার উলন এলাকায় হত্যাকাণ্ডের শিকার শিশু তাসলিমা আক্তারের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এই আহ্বান জানান তিনি।
সারাদেশের বিভিন্ন জায়গায় এখনো শাপলা কলিতে ভোট দেয়ার কারণে হামলা চলমান আছে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা কোনোভাবে সন্তুষ্ট নই। যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী থাকত, মানুষের সেই আস্থা থাকত, মানুষ যদি ন্যায়বিচার পেত এমন বিচারহীনতার সংস্কৃতির ঘটনাগুলো ঘটত না।
সংসদ অধিবেশন ও রাষ্ট্রপতির ব্যাপারে পদক্ষেপ নিয়ে অপর এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, আমরা বলেছি, রাষ্ট্রপতির সময় ফুরিয়ে গিয়েছে। এখন নিয়মতান্ত্রিকভাবে যেভাবে তাকে সরানোর প্রক্রিয়া রয়েছে সেটা শুরু করা উচিত। সেই জায়গা থেকে আমরা অবশ্যই ভূমিকার রাখব। সরকারি দলের কাছ থেকেও একই ধরনের ভূমিকা নিশ্চিতের আশা করছি।