সিরিয়ায় চাপ কমাতে ইসরায়েলকে সংযত থাকার আহ্বান ট্রাম্পের

২ ডিসেম্বর ২০২৫ - ০৯:৪৮ পূর্বাহ্ণ
 0
সিরিয়ায় চাপ কমাতে ইসরায়েলকে সংযত থাকার আহ্বান ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার প্রতি চাপ কমানোর আহ্বান জানিয়ে ইসরায়েলকে আরও সতর্ক ও সংযত আচরণ করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়া যেন পুনর্গঠন ও সমৃদ্ধির পথে অগ্রসর হতে পারে, সে জন্য ইসরায়েলের উচিত বাধা সৃষ্টি না করা।

সোমবার (১ ডিসেম্বর) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বর্তমান পরিস্থিতিকে ‘ঐতিহাসিক শান্তির সম্ভাবনা’ হিসেবে উল্লেখ করেন। উল্লেখযোগ্য সময় ধরে সিরিয়া–ইসরায়েল আলোচনায় অগ্রগতি নেই, কারণ তেল আবিব দক্ষিণ সিরিয়ার দখলকৃত অঞ্চল থেকে সরে দাঁড়াতে রাজি নয়।

ইসরায়েলের চ্যানেল–১২ জানায়, যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সামরিক উত্তেজনা না বাড়ানোর পরামর্শ দিয়েছে, যাতে সিরিয়ার নতুন অন্তর্বর্তী সরকার ইসরায়েলবিরোধী মনোভাব না তৈরি করে।

এর আগে দামেস্কে ট্রাম্পের নিযুক্ত সিরিয়া–দূত টম ব্যারাক ও সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ আল–শারার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে সিরিয়া প্রেসিডেন্সি নিশ্চিত করেছে।

ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটির প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যে আলোচনা এখন কার্যত অচল হয়ে পড়েছে। গত ৮ ডিসেম্বর সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদের সরকারের পতনের কয়েক ঘণ্টা পরই ইসরায়েল গোলান মালভূমির ইউএন–নিয়ন্ত্রিত বাফার জোনসহ কয়েকটি সিরীয় এলাকা দখলে নেয়। শুরুতে এই দখলকে সাময়িক দাবি করা হলেও পরবর্তীতে ইসরায়েল জানায় যে তারা এই নিয়ন্ত্রণ বজায় রাখবে।

ইসরায়েলি ব্রডকাস্টিং করপোরেশন (কান) জানায়, ইসরায়েল এখন যেকোনো সেনা প্রত্যাহারের আগে পূর্ণাঙ্গ শান্তিচুক্তি নিশ্চিত করতে চায়। অন্যদিকে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আল–শারা স্পষ্ট করে বলেছেন, চূড়ান্ত সমঝোতার মূল শর্ত হিসেবে তাদেরকে অবশ্যই ২০২৪ সালের ডিসেম্বরের আগের সীমান্ত অবস্থায় ফিরে যেতে হবে।