রেলপথে বাড়তি নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়

১২ নভেম্বর ২০২৫ - ১২:২৯ অপরাহ্ণ
 0
রেলপথে বাড়তি নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গত দুই দিনে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের পর সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। এমন প্রেক্ষাপটে সড়কের পাশাপাশি রেলপথেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে রেল মন্ত্রণালয়।

বুধবার (১২ নভেম্বর) রেল মন্ত্রণালয় থেকে দেশের সব আঞ্চলিক রেল বিভাগে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা-তুজ-জোহরা।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন অগ্নিকাণ্ড ও নাশকতার ঘটনার প্রেক্ষিতে রেললাইন, রেলসেতু, স্টেশন ও ট্রেনসহ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন জরুরি।

এতে আরও বলা হয়, সম্ভাব্য যেকোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে নিরাপত্তা জোরদার রাখতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সতর্কতা বলবৎ থাকবে।