যানজট কমাতে সরকারের নতুন উদ্যোগ সমন্বয় জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ সেপ্টেম্বর ২০২৬ - ১৬:০৭ অপরাহ্ণ
 0
যানজট কমাতে সরকারের নতুন উদ্যোগ সমন্বয় জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাফিক জট নিরসনে সমন্বয় জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা ও আশপাশের এলাকায় যানজট কমাতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সেবা সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার সচিবালয়ে ঢাকার মেগা প্রকল্পের কারণে সৃষ্ট যানজট নিরসনসংক্রান্ত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একই রাস্তা বারবার খোঁড়াখুঁড়ি করে নগরবাসীর দুর্ভোগ বাড়ানোর কোনো সুযোগ নেই। উন্নয়নমূলক কাজগুলো সমন্বিতভাবে করা হলে সরকারি অর্থ ও সময় সাশ্রয়ের পাশাপাশি মানুষের যাতায়াতের দুর্ভোগও কমবে।

তিনি জানান, মেট্রোরেল, সড়ক ও জনপথ, সিটি করপোরেশন, ওয়াসা, ডেসকো, রেলওয়েসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদানের জন্য ফোকাল পয়েন্ট ও উপকমিটি করা হয়েছে। এখন থেকে প্রতি ১৫ দিন পরপর সমন্বয় সভা হবে।

যানজট কমাতে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা হয়েছে বলেও জানান মন্ত্রী। পাশাপাশি প্রধান বাস টার্মিনালগুলো শহরের বাইরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা এবং ভূগর্ভে কভারযুক্ত ইউটিলিটি করিডোর নির্মাণের উদ্যোগের কথাও জানান তিনি।

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা করা হয়েছে এবং অবৈধ চার্জিং পয়েন্টের বিরুদ্ধে যৌথ অভিযান চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।