হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে বন্ধ হচ্ছে দুই অ্যাপ
আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা যেন ভারতে বসে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ও অনলাইন বৈঠক চালিয়ে যেতে না পারে—সেই উদ্দেশ্যে টেলিগ্রাম ও বোটিম নামের দুটি অ্যাপস নিয়ন্ত্রণে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর অ্যাপ দুটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।
গতকাল (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করা হয়।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার সঙ্গে দলটির অনেক মন্ত্রী ও শীর্ষ নেতা ভারতে আশ্রয় নেন। সেখান থেকেই তারা নিয়মিতভাবে কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এবং ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির নির্দেশনা দিচ্ছেন। এ ধরনের বৈঠকে প্রধানত ব্যবহার হচ্ছে টেলিগ্রাম ও বোটিম অ্যাপস।
সম্প্রতি রাজধানীতে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে গত ২৪ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় ২৪৪ জন নেতাকর্মীকে। তাদের মধ্যে প্রায় দেড় শতাধিক ব্যক্তির মোবাইল বিশ্লেষণে দেখা গেছে, তারা এই দুই অ্যাপের মাধ্যমে ভারতে থাকা নেতাদের সঙ্গে যোগাযোগ করছিলেন।
ঘটনার পর থেকেই বিষয়টি নজরে আনে অন্তর্বর্তী সরকার। কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রাথমিকভাবে রাতের সময়ে টেলিগ্রাম ও বোটিম ব্যবহারের গতি কমানোর চেষ্টা করা হবে। তবে নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এই দুই অ্যাপস।