বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ধীরে ধীরে ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এ কারণে দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত এক বিশেষ বার্তায় এ সতর্কতা জারি করা হয়।
সতর্কবার্তায় জানানো হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর নিকটবর্তী পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায়, ওড়িশা ও অন্ধ্র প্রদেশ উপকূলের কাছাকাছি অবস্থানরত লঘুচাপটি সকাল ৬টার দিকে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অফিসের ভাষ্য, এটি আরও শক্তিশালী হয়ে ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য বেড়ে গেছে।
এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দর এলাকায় দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।
অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সতর্ক করে বলা হয়েছে—পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে হবে।