জাতিসংঘ মিশনের নৈশভোজে প্রধান উপদেষ্টা ইউনূস: শ্রম সংস্কার বিনিয়োগের পূর্বশর্ত

২৬ সেপ্টেম্বর ২০২৫ - ০৬:৪৭ পূর্বাহ্ণ
 0
জাতিসংঘ মিশনের নৈশভোজে প্রধান উপদেষ্টা ইউনূস: শ্রম সংস্কার বিনিয়োগের পূর্বশর্ত

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্যোগে আয়োজিত এক নৈশভোজে শ্রম আইন, শ্রমিক অধিকার এবং চলমান সংস্কার কার্যক্রম নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এই উচ্চপর্যায়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূস তার বক্তব্যে বলেন, বিদেশি বিনিয়োগ বাড়াতে এবং বৈশ্বিক অর্থনীতিতে প্রতিযোগিতায় টিকে থাকতে শ্রম খাতের সংস্কার অপরিহার্য। তিনি জানান, আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা শ্রম খাত সংস্কারের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক শিল্পকে দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, “যে-ই সরকার আসুক না কেন, শিল্পখাতের প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিতে সংস্কার অব্যাহত রাখতে হবে।”

  • জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, তাদের অনেক নেতার সরাসরি অভিজ্ঞতা রয়েছে পোশাক শিল্পে কাজ করার। সেই অভিজ্ঞতা খাতটিকে আরও প্রতিযোগিতামূলক করতে সহায়ক হবে বলে তিনি মত দেন।

  • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর বলেন, বর্তমান উদ্যোগগুলোকে শুধু ধরে রাখাই নয়, বরং ভবিষ্যতে আরও প্রসারিত করা দরকার।

  • এনসিপির জ্যেষ্ঠ নেতা ডা. তাসনিম জারা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, রানা প্লাজা ট্র্যাজেডির সময় আহতদের সেবা দিতে গিয়ে তার রাজনৈতিক চেতনার বিকাশ ঘটে।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঞ্চালনায় আয়োজিত এ নৈশভোজে আইএলও মহাপরিচালকসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন। তারা বলেন, শ্রম খাতে সংস্কার শুধু শ্রমিকের কল্যাণেই নয়, বরং বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ ও বৈশ্বিক ভাবমূর্তি শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।