ট্রাম্পকে ‘শান্তিপ্রেমী মানুষ’ আখ্যা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ

২৬ সেপ্টেম্বর ২০২৫ - ০৭:২৯ পূর্বাহ্ণ
 0
ট্রাম্পকে ‘শান্তিপ্রেমী মানুষ’ আখ্যা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বের সংঘাত নিরসনে সক্রিয় ভূমিকা রাখা একজন “শান্তিপ্রেমী মানুষ” হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার সময় তিনি এই মন্তব্য করেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে ট্রাম্পের প্রশংসাসূচক বক্তব্যের বিস্তারিত জানানো হয়।

শেহবাজ শরিফ বলেন, গাজায় চলমান যুদ্ধের অবসান এবং শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকা প্রশংসনীয়। তিনি আরও জানান, গত সপ্তাহে নিউইয়র্কে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের আমন্ত্রণ জানিয়ে মধ্যপ্রাচ্য, বিশেষ করে গাজা ও পশ্চিম তীরে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে যুক্তরাষ্ট্র যে উদ্যোগ নিয়েছে, সেটিও বিরল এবং তাৎপর্যপূর্ণ।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বৈঠকে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরও উপস্থিত ছিলেন। এ সময় শেহবাজ শরিফ এ বছরের শুরুতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত শুল্ক সুবিধার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দীর্ঘদিনের অংশীদারিত্বের ধারাবাহিকতায় ট্রাম্পের নেতৃত্বে পাকিস্তান-মার্কিন সম্পর্ক আরও গভীর ও পারস্পরিক কল্যাণকর হবে বলে তিনি আশাবাদী।

শেহবাজ শরিফ যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে পাকিস্তানের কৃষি, তথ্যপ্রযুক্তি, খনি ও খনিজ সম্পদ এবং জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানান।

দুই নেতার মধ্যে সন্ত্রাসবাদ দমন ও আঞ্চলিক নিরাপত্তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। পাকিস্তানের সন্ত্রাসবিরোধী ভূমিকাকে প্রকাশ্যে সমর্থন জানানোর জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে শেহবাজ বলেন, গোয়েন্দা ও নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা জরুরি।

শেষে প্রেসিডেন্ট ট্রাম্পকে তার সুবিধামতো সময়ে পাকিস্তানে সরকারি সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।