পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে গণশুনানি ২০-২১ মে

৯ মে ২০২৬ - ১৬:৫২ অপরাহ্ণ
 0
পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে গণশুনানি ২০-২১ মে

ঘাটতির লোকসান কমাতে সম্প্রতি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। যেখানে কমপক্ষে ১৭ শতাংশ থেকে সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ২০ ও ২১ মে বিদ্যুতের পাইকারি, সঞ্চালন এবং খুচরা মূল্যহার পরিবর্তনের বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এবং সংশ্লিষ্ট প্রবিধানমালা অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) বিদ্যুতের পাইকারি (বাল্ক) ও খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাব করেছে। পাশাপাশি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপিএলসি) বিদ্যুতের সঞ্চালন মূল্যহার এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ও নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) বিদ্যুতের খুচরা মূল্যহার পরিবর্তনের জন্য কমিশনে প্রস্তাব দাখিল করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিদ্যুৎ উৎপাদন ট্যারিফ) প্রবিধানমালা, ২০০৮; বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিদ্যুৎ সঞ্চালন ট্যারিফ প্রবিধানমালা, ২০১৬ এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিদ্যুৎ বিতরণ (খুচরা) ট্যারিফ প্রবিধানমালা, ২০১৬ অনুযায়ী প্রস্তাবগুলোর বিষয়ে ইতোমধ্যে গণশুনানি সংশ্লিষ্ট পরবর্তী কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ২০ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) অডিটোরিয়ামে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বাবিউবো) বিদ্যুতের পাইকারি (বাল্ক) মূল্যহার পরিবর্তনের বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে।

এছাড়াও একই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেআইবির অডিটোরিয়ামে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিবিপিএলসি) বিদ্যুতের সঞ্চালন মূল্যহার পরিবর্তনের বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে আগামী ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাবিউবো, বাপবিবো, ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো ও নেসকোর বিদ্যুতের খুচরা মূল্যহার পরিবর্তনের বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বরাবর আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। গত ৬ মে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ পিডিবির আবেদনের বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা পিডিবির প্রস্তাব পেয়েছি। সেখানে পাইকারি বিদ্যুতের দাম ১৭ শতাংশ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। কারিগরি কমিটি পিডিবির প্রস্তাব পর্যালোচনা করবে।