দাফনের সময় আচমকাই নড়ে উঠলো ‘মৃত নবজাতক’, মুহূর্তে ভিডিও ভাইরাল

১৮ সেপ্টেম্বর ২০২৫ - ০৮:১৫ পূর্বাহ্ণ
 0
দাফনের সময় আচমকাই নড়ে উঠলো ‘মৃত নবজাতক’, মুহূর্তে ভিডিও ভাইরাল

চাঁদপুর পৌর কবরস্থানে জীবিত নবজাতক দাফনের চেষ্টার ঘটনায় শহরের কুমিল্লা রোডে অবস্থিত ‘দ্য ইউনাইটেড হাসপাতাল’-এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে প্রশাসন। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনির নেতৃত্বে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘটনার সূত্রপাত ঘটে গেল মঙ্গলবার দিবাগত রাতে, যখন একটি নবজাতককে কবরস্থানে দাফনের সময় নড়েচড়ে ওঠতে দেখা যায়। স্থানীয়দের তৎপরতায় বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ঘটনাটির ভিডিও। এতে নড়েচড়ে ওঠা নবজাতককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

এই ঘটনায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ডবয় ফারুক হোসেন গাজী (৪৫)-কে গ্রেপ্তার করে। স্থানীয়দের অভিযোগ, ওই নবজাতক ইউনাইটেড হাসপাতালেই জন্মগ্রহণ করে এবং দীর্ঘদিন ধরেই সেখানে নানা অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল কর্তৃপক্ষ।

পৌর কবরস্থানের কেয়ারটেকার মো. শাহজাহান মিয়াজী চাঁদপুর সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।