পুলিশ নিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী!
বাংলাদেশ পুলিশকে জনগণের প্রত্যাশা পূরণে একটি জনবান্ধব ও জবাবদিহিমূলক বাহিনীতে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের পুলিশবাহিনী ইনশাআল্লাহ জনগণের প্রত্যাশিত ও জনবান্ধব বাহিনীতে পরিণত হবে। এ লক্ষ্যেই অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর আইনি কাঠামোতেও প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীগুলোর কর্মকাণ্ডে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের কাছে এসব বাহিনীকে আরও দায়িত্বশীল ও আস্থার জায়গায় নিয়ে যেতে সরকার কাজ করছে।
রংপুরে সাম্প্রতিক একটি ঘটনার প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনা ঘটার পর যৌক্তিক সময়ের মধ্যেই সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, রামিসা হত্যা থেকে শুরু করে জাতীয়ভাবে আলোচিত বিভিন্ন অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে। অভিযুক্তদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, এত অল্প সময়ের মধ্যে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করাও হয়তো বাস্তবসম্মত হবে না। তবে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বাহিনীগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।