মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেবে জামায়াত

১৪ অক্টোবর ২০২৫ - ১৯:৫৭ অপরাহ্ণ
 0
মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেবে জামায়াত

রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এই ঘোষণা দেন।

ঘটনাস্থলে উপস্থিত থেকে জামায়াত আমির বলেন, “হঠাৎ লাগা আগুনে অনেকে ভেতরে আটকা পড়ে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। যারা প্রাণ হারিয়েছেন, তারা সবাই নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ— পেটের দায়ে এখানে কাজ করছিলেন। তাদের পরিবার যে বেদনার মধ্য দিয়ে যাচ্ছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন।”

তিনি আরও বলেন, “একদিকে আর্থিক অনটন, অন্যদিকে আকস্মিক এই মৃত্যু— পরিবারের কষ্ট আমরা কখনো পুরোপুরি উপলব্ধি করতে পারব না। সরকার যেন নিহতদের পরিবারের পাশে দাঁড়ায়, যথাযথ আর্থিক সহায়তা প্রদান করে— এটাই আমাদের আহ্বান।”

দুর্ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “এই অগ্নিকাণ্ডের পেছনে যদি কারও অবহেলা বা গাফিলতি থাকে, তা খুঁজে বের করতে হবে। জামায়াত নিজস্ব উদ্যোগে নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে মাথাপিছু এক লাখ টাকা সহযোগিতা পৌঁছে দেবে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।”

এর আগে মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে রূপনগরের গার্মেন্টসের প্রিন্টিং কারখানা ও সংলগ্ন কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ধীরে ধীরে ১২টি ইউনিট অংশ নেয়।

এই ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ তিনজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন— মো. সুরুজ (৩০), মো. মামুন (৩৫) ও সোহেল।