রাজধানীতে গণমাধ্যম সম্মিলন চলছে
মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’।
সাম্প্রতিক সময়ে দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারাবাহিকভাবে সংগঠিত সহিংসতা বা মব ভায়োলেন্সের শিকার হচ্ছে। এ ধরনের হামলা নজিরবিহীন এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক।
সম্মিলনে গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার বিষয়ে সাংবাদিকেরা তাদের বক্তব্য তুলে ধরছেন।
এতে নোয়াব ও সম্পাদক পরিষদের সব সদস্য ছাড়াও অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নিয়েছেন।