সাইবার অপরাধ দমনে ৮ বিভাগে ল্যাব স্থাপন

১৪ অক্টোবর ২০২৬ - ১১:২৮ পূর্বাহ্ণ
 0
সাইবার অপরাধ দমনে  ৮ বিভাগে ল্যাব স্থাপন

সাইবার অপরাধ দমনে দেশজুড়ে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করবে সরকার
সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা ও ডিজিটাল জগতে সংঘটিত অপরাধ দমনে এবার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। অপরাধীদের শনাক্ত করা এবং দ্রুত তদন্তের স্বার্থে আধুনিক প্রযুক্তি ও উন্নত যন্ত্রপাতি দিয়ে শক্তিশালী করা হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে অপরাধের ধরন পরিবর্তন হচ্ছে। সাইবার স্পেস ব্যবহার করে প্রতারণা থেকে শুরু করে শেয়ারবাজারে কারসাজির মতো অপরাধও সংঘটিত হচ্ছে। এসব অপরাধ শনাক্ত ও দমনে ডিজিটাল ফরেনসিক ল্যাবের বিকল্প নেই।
তিনি আরও জানান, দেশের আটটি বিভাগীয় সদর দপ্তরে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কেন্দ্র, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ডিজিটাল অপরাধ বিশ্লেষণের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার সরকারের কাছেও আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আধুনিক যন্ত্রপাতি, অবকাঠামো ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত করার মাধ্যমে অপরাধ তদন্ত আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে সরকারের।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে সঠিক সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং নির্ভুল প্রতিবেদন তৈরি করা সম্ভব। এতে বিচারিক কার্যক্রম ত্বরান্বিত হওয়ার পাশাপাশি মানুষের ন্যায়বিচার পাওয়ার পথও সহজ হবে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির, সংসদ সদস্য সাঈদ আল নোমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কেওআইসিএ) সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।