আজ রাত ৩টায় জাতিসংঘে ভাষণ বাংলায় বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান
আজ রাত ৩টায় জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্ক স্থানীয় সময় বিকেল ৫টায় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বক্তব্য দেবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন জানিয়েছেন, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও অনুভূতিকে ধারণ করে বাংলায় জাতির বক্তব্য বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী। এর আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারী ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য এবং রোহিঙ্গা সংকটের মতো বিষয় গুরুত্ব পেতে পারে। বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কার ও আধুনিক প্রযুক্তির ন্যায়সংগত ব্যবহারের বিষয়ও ভাষণে উঠে আসার কথা রয়েছে।
এর আগে জাতিসংঘ সফরের দ্বিতীয় দিনে গেটস ফাউন্ডেশনের সঙ্গে স্বাস্থ্য ও কৃষি খাতে সহযোগিতা নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। কৃষিতে প্রযুক্তির ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ আয়োজনে উচ্চপর্যায়ের বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পাশাপাশি সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচটি জরুরি প্রস্তাবও তুলে ধরেন।
এ ছাড়া ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী ও ইরানের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, আঞ্চলিক স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্যে বাংলাদেশি কর্মীদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুতের ব্যবহার, নদী-খাল খনন, বৃক্ষরোপণ এবং বৈদ্যুতিক যানবাহনের প্রসারের মতো বিষয়ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছে বাংলাদেশ।
এদিকে বাণিজ্যিক কূটনীতির অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। বাংলাদেশের এভিয়েশন খাতের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে এয়ারবাসের সঙ্গেও আলোচনা হতে পারে বলে জানিয়েছেন মাহ্দী আমিন।
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে আজকের ভাষণের দিকে নজর থাকবে আন্তর্জাতিক মহলের। ভাষণে বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও বৈশ্বিক ইস্যুতে সরকারের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।