মোহাম্মদপুরে সড়ক অবরোধ যানজটে চরম ভোগান্তি
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি
রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকরা। এতে বন্ধ হয়ে গেছে সড়কটিতে যান চলাচল। আশপাশের সড়কেও সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বিশেষ করে অফিসগামী যাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অবস্থান নেন অটোরিকশাচালকরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে সড়কে আটকে থাকেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
রুকন উদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহী জানান, তিনি ধানমন্ডিতে যাওয়ার জন্য প্রায় পৌনে এক ঘণ্টা ধরে মোটরসাইকেলে বসে আছেন। কিন্তু যান চলাচল বন্ধ থাকায় সামনে এগোতে পারছেন না।
এদিকে, অটোরিকশাচালকদের এমন কর্মসূচিতে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। আমজাদ হোসেন নামে এক বাসযাত্রী বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে সরকারের নতুন করে ভাবা উচিত। চালকদের যখন ইচ্ছা সড়ক বন্ধ করে দেওয়ার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ব্যস্ত সময়ে এ ধরনের অবরোধে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অটোরিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন দিনের মধ্যে ঢাকায় অটোরিকশা চলাচল বন্ধ করার বিষয়ে সড়ক ও সেতুমন্ত্রীর হুঁশিয়ারির প্রতিবাদে এই অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।