সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা ভারতীয় মায়ের
সৌদি আরবে তিন সন্তানকে বাথটাবের পানিতে চুবিয়ে হত্যা করার পর আত্মহত্যার চেষ্টা করেছেন ভারতীয় এক নারী।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৬ আগস্ট) সৌদি আরবের আল খোবার শহরে এই ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, সৈয়দা হুমাইরা আমরিন নামের ওই নারী ভারতের হায়দরাবাদের বাসিন্দা। ওই নারী ভিজিট ভিসায় সৌদি আরবে ছিলেন এবং তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। নিহত শিশুরা হলো সাত বছর বয়সি যমজ সাদেক আহমেদ ও আদেল আহমেদ এবং তাদের তিন বছরের ছোট ভাই ইউসুফ আহমেদ।
এনডিটিভি বলছে, কাজ শেষে বাসায় ফিরে তাদের বাবা মোহাম্মদ শাহনওয়াজ সন্তানদের মৃত অবস্থায় পান। তিনি সঙ্গে সঙ্গে সৌদি কর্তৃপক্ষকে খবর দেন। পরে পুলিশ আমরিনকে আটক করে।
পরিবারের দাবি, আমরিন কিছুদিন ধরে মানসিক অস্থিরতা ও একাকিত্বে ভুগছিলেন। পারিবারিক দ্বন্দ্ব এ ঘটনার পেছনে ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।
তবে ঠিক কী কারণে তিনি সন্তানদের বাথটাবে চুবিয়ে মেরেছেন তা এখনো স্পষ্ট নয়। সৌদি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।