ভারতে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলন

২ অক্টোবর ২০২৬ - ০৭:৫২ পূর্বাহ্ণ
 0
ভারতে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলন

ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলনের ডাক

ভারতের ভোটার তালিকা সংশোধন নিয়ে চলমান বিতর্কের মধ্যেই দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে জেন-জি নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি-সিজেপি।

শুক্রবার মুম্বাইয়ে বিক্ষোভ করবে সংগঠনটি। একই দাবিতে নয়াদিল্লির জন্তর মন্তরে সমবেত হওয়ার কথা রয়েছে বিভিন্ন ছাত্র ও নাগরিক সমাজের প্রতিনিধিদের।

বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে ক্ষমতাসীন বিজেপিকে রাজনৈতিক সুবিধা দিতে নির্বাচন কমিশন সূক্ষ্ম কারচুপির আশ্রয় নিচ্ছে। বিরোধীদের দাবি, দেশজুড়ে চলা ভোটার যাচাই কার্যক্রমে লাখ লাখ বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে নির্বাচন কমিশন ও ভারতের কেন্দ্রীয় সরকার। কমিশনের দাবি, দ্বৈত নাম, মৃত ব্যক্তি ও অযোগ্য ভোটারদের বাদ দিয়ে তালিকাকে আরও নির্ভুল করতেই এই যাচাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ মাসে ভোটার তালিকা সংশোধন, নিবন্ধন প্রক্রিয়া ও কমিশনের ডিজিটাল ব্যবস্থা নিয়ে অন্তত ১৪ বার উদ্বেগ জানিয়েছেন কমিশনের দুই ডেপুটি। যদিও কমিশনের দাবি, অভ্যন্তরীণ আলোচনায় ভিন্নমত থাকা স্বাভাবিক এবং সব কার্যক্রম আইন মেনেই পরিচালিত হয়েছে।

অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী দলগুলোও আগামী ৬ অক্টোবর থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করার ঘোষণা দিয়েছে।

চলতি বছরের শুরুতে বেকারত্ব ও বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে অনলাইনে তরুণদের একটি প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে ককরোচ জনতা পার্টি। সংগঠনটির আহ্বায়ক সৌরভ দাসের দাবি, ভোটের অধিকার নিয়ে কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না এবং জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।