সালমান মুক্তাদিরের শ্বশুরের চার গুদাম সিলগালা
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার গুদাম সিলগালা
রাজধানীর গুলশানে বিদেশি কূটনীতিকদের শুল্কমুক্ত মদ ও বিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ অভিযান চালিয়ে চারটি গুদাম সিলগালা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর-ডিএনসি।
বৃহস্পতিবার রাতে ডিএনসির নেতৃত্বে কাস্টমস ইনটেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট-সিআইআইডি এবং এসআরবির যৌথ অভিযানে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অনিয়মের তথ্য পাওয়া যায়।
অভিযানে এনবিআরের অনুমোদিত সফটওয়্যারে খালাস দেখানো হলেও গুদামে মজুত পাওয়া গেছে এমন মদ শনাক্ত করা হয়। এছাড়া গত ৩ সেপ্টেম্বরের কাগজপত্রে ২ হাজার ২৫০ কার্টন হাইনেকেন বিয়ার আমদানির তথ্য থাকলেও সরেজমিনে গুদামে এসব পণ্য পাওয়া যায়নি।
অভিযানকারীরা আরও জানান, চারতলা ভবনের দুটি ফ্লোর কাস্টমসের অনুমোদন ছাড়াই ব্যবহার করা হচ্ছিল। এসব অনিয়মের কারণে গুদামগুলো সিলগালা করে দেওয়া হয়েছে।
টস বন্ডের পরিচালক শেখ নূর ইসলাম। তিনি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর। এর আগে নূর ইসলামের মালিকানাধীন ফুওয়াং ক্লাব ও কয়লা রেস্টুরেন্টেও মাদকবিরোধী অভিযান চালানো হয়েছিল।