রূপপুরের ইউরেনিয়াম আটকে গেল পাকিস্তান দিল না আকাশসীমা

২৮ সেপ্টেম্বর ২০২৬ - ০৮:৪৮ পূর্বাহ্ণ
 0
রূপপুরের ইউরেনিয়াম আটকে গেল পাকিস্তান দিল না আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি বহনকারী বিমান বাংলাদেশে আসতে পারেনি। পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় ২৪ সেপ্টেম্বরের নির্ধারিত চালানটি আটকে যায়।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, রাশিয়া থেকে ইউরেনিয়াম বহনকারী কার্গো বিমানটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। কিন্তু পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে সেটি আসতে পারেনি।

পাকিস্তান কেন অনুমতি দেয়নি, এর সঠিক কারণ এখনো বাংলাদেশ জানতে পারেনি বলে জানিয়েছেন মন্ত্রী। তবে নতুন সময়সূচি নিয়ে কাজ চলছে এবং রাশিয়া জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে জ্বালানি বাংলাদেশে পৌঁছাতে পারে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, জ্বালানি গ্রহণের জন্য বিমানবন্দরে সব প্রস্তুতি সম্পন্ন ছিল। কর্মকর্তারাও অপেক্ষায় ছিলেন। পরে রূপপুর প্রকল্পে রোসাটমের লিয়াজোঁ কর্মকর্তা আকাশসীমা ব্যবহারের সমস্যার কথা জানালে পরিবহন পরিকল্পনা স্থগিত করা হয়।

রূপপুর বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। পাবনার ঈশ্বরদীতে রাশিয়ার রোসাটমের সহায়তায় নির্মাণাধীন এই প্রকল্পে দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর রয়েছে। দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রথম ইউনিটের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়ামের প্রথম চালান বাংলাদেশে আসে। এবার দ্বিতীয় ইউনিটের জ্বালানি আসতে দেরি হওয়ায় নতুন করে সময়সূচি ঠিক করতে হচ্ছে।