মারা গেলেন মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ, বয়স ১০০
১০০ বছর বয়সে মারা গেলেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী ও দেশটির সাবেক ফার্স্ট লেডি ড. সিতি হাসমাহ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।
সোমবার পরিবারের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, সিতি হাসমাহকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে। তিনি বলেন, দেশবাসী তার মাতৃসুলভ ভূমিকা ও অবদানের কথা সবসময় স্মরণ করবে।
মালয়েশিয়ায় ‘জাতির মা’ হিসেবে পরিচিত ছিলেন সিতি হাসমাহ। নারীর ক্ষমতায়ন, শিশুদের অধিকার ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে দীর্ঘদিন কাজ করেছেন তিনি।
চিকিৎসক হিসেবেও ছিল তার দীর্ঘ কর্মজীবন। ১৯৫৫ সালে সিঙ্গাপুরের কিং এডওয়ার্ড সপ্তম কলেজ অব মেডিসিন থেকে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শেষ করেন। সেখানেই মাহাথির মোহাম্মদের সঙ্গে তার পরিচয়। ১৯৫৬ সালে তারা বিয়ে করেন। তাদের সাত সন্তান রয়েছে।
১৯৮১ সালে মাহাথির প্রথমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হওয়ার পর দেশজুড়ে ব্যাপক পরিচিতি পান সিতি হাসমাহ। স্বামীর রাজনৈতিক জীবনে পাশে থাকার পাশাপাশি জনকল্যাণমূলক বিভিন্ন কাজেও সক্রিয় ছিলেন তিনি।
তার মৃত্যুতে মালয়েশিয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।