১৫ হাজার ফুট ওপরে স্কাইডাইভারের প্যারাসুট আটকালো বিমানের ডানায়

১২ ডিসেম্বর ২০২৫ - ১৫:১০ অপরাহ্ণ
 0
১৫ হাজার ফুট ওপরে স্কাইডাইভারের প্যারাসুট আটকালো বিমানের ডানায়

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে স্কাইডাইভিংয়ের এক রোমহর্ষক ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক স্কাইডাইভার। প্রায় ১৫ হাজার ফুট উচ্চতা থেকে বিমান থেকে ঝাঁপ দেওয়ার মুহূর্তে তাঁর প্যারাসুট হঠাৎ বাতাসে খুলে গিয়ে সরাসরি বিমানের ডানায় গিয়ে আটকে যায়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভিডিওতে দেখা যায়, লাফ দেওয়ার সময় প্যারাসুটটি অস্বাভাবিকভাবে খুলে যায় এবং প্রচণ্ড বাতাসের ধাক্কায় স্কাইডাইভার ছিটকে গিয়ে প্যারাসুটসহ বিমানের ডানার সঙ্গেই আটকে যান। অস্ট্রেলিয়ার পরিবহন নিরাপত্তা ব্যুরো পরে এই ভয়াবহ মুহূর্তের ভিডিও প্রকাশ করে।

ডানার সঙ্গে আটকে পড়ার পর স্কাইডাইভার ‘হুক নাইফ’ নামে একটি বিশেষ কাটার ব্যবহার করে প্যারাসুট কেটে নিজেকে বিমুক্ত করেন এবং শেষ পর্যন্ত নিরাপদে মাটিতে অবতরণ করতে সক্ষম হন।

ঘটনার সময় বিমানটিতে ছিলেন মোট ১৬ জন স্কাইডাইভার। পি১ পরিচয়ে থাকা ওই স্কাইডাইভার ডানায় আটকে যাওয়ার পর বিমানের পাইলট চরম ঝুঁকির আশঙ্কা করেন। পরিস্থিতি বুঝে আরেকজন ক্রু দ্রুত অন্য স্কাইডাইভারদের বের হয়ে যেতে নির্দেশ দেন।

এরপর ১৩ জন স্কাইডাইভার তৎক্ষণাৎ লাফিয়ে পড়েন, তবে দুজন বিমানে অবস্থান করেন। শেষ পর্যন্ত পাইলট দক্ষতার সঙ্গে বিমানটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন এবং সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়ানো যায়।