জাতিসংঘ অধিবেশনের মধ্যে নিউইয়র্কে বোমা আতঙ্ক

২৩ সেপ্টেম্বর ২০২৬ - ০৪:২৩ পূর্বাহ্ণ
 0
জাতিসংঘ অধিবেশনের মধ্যে নিউইয়র্কে বোমা আতঙ্ক

জাতিসংঘ অধিবেশনের মধ্যে নিউইয়র্কে বোমা আতঙ্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ঘিরে যখন কড়া নিরাপত্তায় নিউইয়র্ক, ঠিক তখনই ম্যানহাটনে একটি সন্দেহজনক স্যুটকেসকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে বোমা আতঙ্ক। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে খালি করে দেওয়া হয় বিখ্যাত ক্রাইসলার বিল্ডিং।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টার কিছু আগে ইস্ট ৪৩তম স্ট্রিট ও থার্ড অ্যাভিনিউয়ের কাছে ফুটপাতে একটি পরিত্যক্ত কালো স্যুটকেস দেখতে পান স্থানীয়রা। জায়গাটি ক্রাইসলার বিল্ডিংয়ের কাছাকাছি এবং জাতিসংঘ সদর দপ্তর থেকেও মাত্র কয়েক ব্লক দূরে।

এরপর নিউইয়র্ক পুলিশের একটি প্রশিক্ষিত কুকুর স্যুটকেসটির ভেতরে সন্দেহজনক কিছু শনাক্ত করলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এনওয়াইপিডির বোম্ব স্কোয়াড ও ইমার্জেন্সি সার্ভিস ইউনিট। নিরাপত্তার স্বার্থে ঘিরে ফেলা হয় আশপাশের এলাকা এবং খালি করে দেওয়া হয় ক্রাইসলার বিল্ডিং।

সন্দেহজনক বস্তুটির কারণে সেকেন্ড অ্যাভিনিউ থেকে লেক্সিংটন অ্যাভিনিউ পর্যন্ত ৪২তম থেকে ৪৪তম স্ট্রিটে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। পাশাপাশি সাধারণ মানুষকেও ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

প্রায় দেড় ঘণ্টা ধরে পরীক্ষা-নিরীক্ষার পর বোম্ব স্কোয়াড জানায়, স্যুটকেসটি থেকে কোনো নিরাপত্তা হুমকি নেই। পরে সেটিকে নিরাপদ ঘোষণা করা হয়।

এ ঘটনায় কেউ হতাহত হননি। স্যুটকেসের ভেতর কোনো বিস্ফোরক বা প্রকৃত হুমকির অস্তিত্বও পাওয়া যায়নি।

তবে ঘটনাটি ঘটেছে এমন এক সময়ে, যখন জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে অবস্থান করছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ বিপুলসংখ্যক প্রতিনিধি। ফলে জাতিসংঘ সদর দপ্তর ও আশপাশের এলাকায় আগে থেকেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

জাতিসংঘ সাধারণ পরিষদকে ঘিরে নিউইয়র্ক পুলিশের পাশাপাশি ইউএস সিক্রেট সার্ভিস, এফবিআই, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস এবং জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তারাও দায়িত্ব পালন করছেন।

এই বাড়তি নিরাপত্তার মধ্যেই জাতিসংঘ সদর দপ্তরের কাছাকাছি সন্দেহজনক স্যুটকেস ঘিরে এমন আতঙ্ক ছড়িয়ে পড়ায় কিছু সময়ের জন্য তৈরি হয় বাড়তি উত্তেজনা। তবে শেষ পর্যন্ত সেটি কোনো নিরাপত্তা হুমকি নয় বলেই নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।