মাদক ছাড়াতে দুই কারবারিকে তাবলিগে পাঠালেন ওসি চাইলেন সবার দোয়া
মাদক ছাড়াতে দুই কারবারিকে তাবলিগে পাঠালেন ওসি
মাদক কারবার থেকে বের করে স্বাভাবিক জীবনে ফেরাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম আকাশ। মাদক মামলায় একাধিকবার আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া দুই ব্যক্তিকে তিন দিনের তাবলিগ জামাতে পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, শাহজালাল ও হেলাল দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে। জামিনে মুক্ত হওয়ার পর আবারও একই কাজে জড়িয়ে পড়ার অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে।
এ অবস্থায় শুধু আইনি ব্যবস্থা নয়, তাঁদের জীবনধারায় পরিবর্তন আনতে উদ্যোগ নেন ওসি। পরে এলাকাবাসীর সহযোগিতায় দুজনকে থানায় ডেকে নিয়ে তিন দিনের তাবলিগে পাঠানো হয়।
তাবলিগ শেষে মঙ্গলবার জোহরের নামাজ পড়ে থানায় গিয়ে ওসির সঙ্গে দেখা করেন তাঁরা। এ সময় মাদক থেকে দূরে থাকার এবং স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতি দেন।
ওসি আজিজুল ইসলাম আকাশ জানান, তাঁরা নিয়মিত নামাজ আদায় এবং প্রতি মাসে তিন দিন তাবলিগে সময় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁদের এই পরিবর্তন যেন স্থায়ী হয়, সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
ওসি বলেন, শুধু মামলা দিয়ে সব সময় মাদক নির্মূল সম্ভব নয়; পাশাপাশি তাঁদের নৈতিকভাবে পরিবর্তনের সুযোগও দিতে হবে।