ধেয়ে আসছে শক্তিশালী ‘পোলো’ বাতাসের গতি ২৮৫ কিমি
মেক্সিকো উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘পোলো’
প্রশান্ত মহাসাগরে ভয়ংকর শক্তি সঞ্চয় করে আরও শক্তিশালী হয়ে উঠছে হারিকেন ‘পোলো’। এর কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ২৮৫ কিলোমিটারে পৌঁছেছে। মেক্সিকোর দক্ষিণ-পশ্চিম উপকূলের কাছ দিয়ে যাওয়ার সময় ঝড়টি ক্যাটাগরি-৫ শক্তিতে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার।
‘হারিকেন হান্টার’ বিমানের সংগ্রহ করা তথ্য অনুযায়ী, মাত্র ২৪ ঘণ্টায় দ্রুত শক্তিশালী হয়েছে পোলো। উষ্ণ সমুদ্রের পানি থেকে বিপুল শক্তি সঞ্চয় করায় ঝড়টির আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে।
পোলো সরাসরি মেক্সিকোর স্থলভাগে আঘাত নাও করতে পারে। তবে এর প্রভাবে দক্ষিণ-পশ্চিম উপকূলের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টি, আকস্মিক বন্যা, ভূমিধস ও বিপজ্জনক সামুদ্রিক পরিস্থিতি তৈরি হতে পারে। জালিস্কো, কলিমা ও মিচোয়াকানকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে সতর্ক করা হয়েছে।
এদিকে, এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় হারিকেন পোলো অতিরিক্ত শক্তি পাচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।