সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার, ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর এবারের যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর বক্তব্য দেওয়ার পরদিন, ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। শুরুতে ২১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা থাকলেও পরে তা কমিয়ে আনা হয়। নিউইয়র্কের পাশাপাশি সান ফ্রান্সিসকো সফরেরও প্রস্তুতি ছিল বলে জানা গেছে।
এবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের তালিকাও তুলনামূলক ছোট রাখা হয়েছে। নিউইয়র্কে অবস্থানকালে তিনি জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ আয়োজিত কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন।
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মহামারি প্রতিরোধ ও প্রস্তুতি, উন্নয়ন এবং পরমাণু নিরস্ত্রীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে জাতিসংঘে। পাশাপাশি রোহিঙ্গা সংকটসহ কয়েকটি বিষয়ে বাংলাদেশও সাইড ইভেন্ট আয়োজন করবে।
সফরকালে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতিও চলছে। এছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।