চিকিৎসায় এগিয়েছে বাংলাদেশ কমছে বিদেশে চিকিৎসার প্রবণতা
দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হওয়ায় বিদেশমুখী রোগী কমেছে: সমাজকল্যাণমন্ত্রী
দেশের চিকিৎসা ব্যবস্থা আগের তুলনায় উন্নত হওয়ায় চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার সকালে বাংলাদেশ হৃদরোগ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, রোগীদের প্রয়োজনীয় সেবা দিতে যেকোনো মুহূর্তে কার্যকর ব্যবস্থা নিতে না পারলে স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। সরকার শিক্ষা ও চিকিৎসা খাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে বাজেটও বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে হৃদরোগীর সংখ্যা বাড়ছে। তবে হার্টের বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য এখন আর আগের মতো বিদেশে যেতে হচ্ছে না। দেশের দক্ষ সার্জন ও অধ্যাপকদের যথাযথভাবে কাজে লাগাতে হবে।
সেমিনারে বক্তারা জানান, ১৯৮১ সালের ১৮ সেপ্টেম্বর বাংলাদেশে প্রথম সফল ওপেন-হার্ট সার্জারি সম্পন্ন হয়। সেই ঐতিহাসিক যাত্রার ৪৫ বছর পূর্ণ করেছে দেশের কার্ডিয়াক সার্জারি বিভাগ।