দীঘির সঙ্গে ছবি তুললেন না মন্ত্রী! জয়ের মন্তব্য—‘দিন শেষ’

১৮ সেপ্টেম্বর ২০২৬ - ০৮:৫৬ পূর্বাহ্ণ
 0
দীঘির সঙ্গে ছবি তুললেন না মন্ত্রী! জয়ের মন্তব্য—‘দিন শেষ’

দীঘির সঙ্গে ছবি তুললেন না মন্ত্রী, জয়ের মন্তব্য ‘ছবি তোলার দিন শেষ’

বিএফডিসিতে চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে অনুষ্ঠিত ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ অনুষ্ঠানে দীঘির সঙ্গে ছবি না তোলায় আলোচনায় এসেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের শেষদিকে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি ফ্যাশন ডিজাইনার গৌতমের সহায়তায় মন্ত্রীর কাছে গিয়ে ছবি তোলার জন্য দাঁড়ান। এ সময় মন্ত্রী হাসিমুখে অন্য একটি কাজ থাকার কথা জানিয়ে কুশল বিনিময় করেন এবং দ্রুত সেখান থেকে চলে যান। এতে দীঘিকেও কিছুটা বিব্রত অবস্থায় দেখা যায়।

ঘটনাটি নিয়ে নিজের মতামত জানিয়েছেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, কাজের বাইরে অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার প্রবণতা থেকে শিল্পীদের সরে আসা উচিত।

জয়ের মতে, অনেক মানুষ যেখানে দীঘির সঙ্গে ছবি তুলতে আগ্রহী, সেখানে ভিডিওতে মন্ত্রীর মধ্যে তার সঙ্গে ছবি তোলার বিষয়ে তেমন আগ্রহ দেখা যায়নি। একই সঙ্গে তিনি মনে করেন, ৫ আগস্টের পর মন্ত্রী ও উপদেষ্টাদের চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া ইতিবাচক বার্তা দিচ্ছে।

জয় আরও বলেন, শিল্পীদের এখন নিজেদের কাজ ও প্রতিভার দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত। কাজের বাইরে অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ—এমন মন্তব্যও করেন তিনি।

চলচ্চিত্রশিল্প স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠলে এবং শিল্পীরা নিজেদের প্রতিভার মাধ্যমে সফল হলে ভবিষ্যতে মন্ত্রীরাই শিল্পীদের সঙ্গে ছবি তুলতে আগ্রহী হবেন বলেও মন্তব্য করেন জয়।

এদিকে চলচ্চিত্র অঙ্গনের গুণীজনদের সঙ্গে সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের একত্র করে এমন আয়োজন করায় চলচ্চিত্র পরিচালক সমিতিকে অভিনন্দন জানিয়েছেন তিনি। পাশাপাশি মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের অবদানেরও প্রশংসা করেন জয়।