সেতুতে রডের বদলে বাঁশ! এলজিইডির কর্মকর্তা বরখাস্ত
সেতুতে রডের বদলে বাঁশ, এলজিইডির কার্যসহকারী বরখাস্ত
টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর—এলজিইডির এক কার্যসহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন এলজিইডির প্রকৌশলীর কার্যালয়ের কার্যসহকারী হাসমত আলী। বুধবার এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, নির্ধারিত নির্মাণসামগ্রীর পরিবর্তে বাঁশ ব্যবহার করায় সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনায় হাসমত আলীকে অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগে অভিযুক্ত করে সংশ্লিষ্ট বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তকালীন সময়ে তিনি ভরণপোষণ ভাতা পাবেন।
এলজিইডি সূত্রে জানা গেছে, গ্রামীণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় বাসাইল পৌরসভার মাইজখাড়া এলাকায় মরাগাঙ্গী নদীর ওপর বাসাইল জিসি–কাউলজানী ইউপি ভায়া মাইজখাড়া জিপিএস সড়কে নির্মাণ করা হচ্ছে ৯০ দশমিক ০৬ মিটার দীর্ঘ এই সেতু।
সেতুটির নির্মাণকাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা। মেসার্স ইউনুছ আল মামুন ও মেসার্স জাকির এন্টারপ্রাইজের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে।
২০২২ সালের সেপ্টেম্বরে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। বর্তমানে সেতুটির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।
সম্প্রতি সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এর আগে গত রোববার রাতে স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে নির্মাণকাজে বাধা দেন। পরে উপজেলা প্রশাসন ও এলজিইডির কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পরিদর্শন করেন।
ঘটনার পর তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপের অংশ হিসেবে এবার এলজিইডির কার্যসহকারী হাসমত আলীকে সাময়িক বরখাস্ত করা হলো।