৭ বছর পর কারাগার থেকে মুক্তি মায়ের সঙ্গে মুক্ত আকাশে শিশু
৭ বছর পর মুক্ত আকাশ দেখলো কারাগারে জন্ম নেওয়া শিশু
নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টে খালাস পাওয়ার পর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন আসামি কামরুন নাহার মনি। মঙ্গলবার দুপুরে কারাগার থেকে বের হওয়ার সময় তার সঙ্গে ছিল কারাগারে জন্ম নেওয়া সাত বছর বয়সী শিশুকন্যা।
হাইকোর্ট নুসরাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে ১০ জনকে খালাস দিয়েছেন। এছাড়া চার আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে।
২০১৯ সালের ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাদে নুসরাত জাহান রাফির শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন থাকার পর ১০ এপ্রিল তার মৃত্যু হয়।
এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর হাইকোর্টের রায়ে খালাস পেয়ে এবার সাত বছর পর কারাগার থেকে বের হলেন কামরুন নাহার মনি ও তার সঙ্গে থাকা কারাগারে জন্ম নেওয়া শিশুটি।