পুলিশ আর সেই ১৭ বছরের ইতিহাসে ফিরে যাবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এককভাবে শুধু পুলিশের কাজ নয়, এতে সাধারণ মানুষকেও সহযোগিতা করতে হবে। শনিবার (১৬ মে) দুপুরে রাজধানীর পল্লবীতে আয়োজিত এক ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পুলিশ আর সেই ১৭ বছরের কলঙ্কিত ইতিহাসে ফিরে যাবে না।
আমিনুল হক বলেন, ‘সরকার গঠনের পর মাত্র তিন মাস সময় পার হয়েছে। খুব দ্রুত সবকিছু পরিবর্তন হয়ে যাবে- এমনটা ভাবা ঠিক নয়। সব ঠিক করতে সময় লাগবে। ১৭ বছরের জঞ্জাল একদিনেই শেষ করা সম্ভব নয়।’
এ সময় ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, সরকার মাদক ও চাঁদাবাজ নিধনে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। অপরাধ দমনে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক ও চাঁদাবাজির বিষয়ে সরকার কোনো ধরনের আপস করবে না।
তিনি বলেন, কুরবানির পশুর হাটগুলোকে ঘিরে ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হাটে জাল টাকার বিস্তার রোধ, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে। এ ছাড়াও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে।