এশার নামাজের পরই নদীতে বিলীন মসজিদ ফজরে এসে দেখেন চিহ্নও নেই

১৪ সেপ্টেম্বর ২০২৬ - ১২:৩৪ অপরাহ্ণ
 0
এশার নামাজের পরই নদীতে বিলীন মসজিদ  ফজরে এসে দেখেন চিহ্নও নেই

এশার নামাজ পড়ে যান মুসল্লিরা, ফজরে গিয়ে দেখেন ‘মসজিদ নেই’

মুন্সীগঞ্জের দেওয়ানকান্দিতে পদ্মার তীব্র স্রোত ও ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে গেছে একটি মসজিদ। শুক্রবার রাতে মসজিদে এশার নামাজ আদায় করে যান মুসল্লিরা। কিন্তু ফজরের নামাজ পড়তে এসে দেখেন, সেখানে মসজিদের কোনো চিহ্নই নেই।

স্থানীয়রা জানান, কয়েক দিনের তীব্র স্রোতে পদ্মার পাড়ে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলে অস্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুললেও স্রোতের তোড়ে সেটিরও বড় অংশ ধসে গেছে।

মাদানী কমপ্লেক্স মাদরাসার শিক্ষকরা জানান, গত পাঁচ বছরে নদীভাঙনে প্রতিষ্ঠানটির প্রায় ১০০ শতাংশ জমি বিলীন হয়ে গেছে। এবার মসজিদটিও নদীগর্ভে চলে গেল। স্থানীয়দের দাবি, দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করে মাদরাসা ও আশপাশের এলাকা রক্ষা করা হোক।

এদিকে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ৪০০ মিটার এলাকায় অস্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। তবে তীব্র স্রোতের কারণে ভাঙন ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।