ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়তে চায় সরকার
দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়তে চায় সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী
দেশের তরুণদের দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়িয়ে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের উন্নয়নকে আরও টেকসই ও গতিশীল করতে সরকার, ব্যবসা-শিল্পখাত ও একাডেমিয়ার মধ্যে কার্যকর সমন্বয় জরুরি। উন্নয়ন প্রকল্পে ওভারল্যাপিং ও ডুপ্লিকেশন বন্ধ করে সরকারি সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, গবেষণা ও উদ্ভাবনের সঙ্গে শিল্পের বাস্তব চাহিদার সংযোগ তৈরি হলে নতুন প্রযুক্তি, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়বে। তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই গড়ে তুলতে হবে জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ।