জাতিসংঘে বড় দায়িত্ব খলিলুর রহমানের অঙ্গীকার

১০ সেপ্টেম্বর ২০২৬ - ০৪:৪৬ পূর্বাহ্ণ
 0
জাতিসংঘে বড় দায়িত্ব খলিলুর রহমানের অঙ্গীকার

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার খলিলুর রহমানের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন ড. খলিলুর রহমান। এ সময় তাকে এই মর্যাদাপূর্ণ পদে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সাধারণ পরিষদের অধিবেশনের সূচনা বক্তব্যে ড. খলিলুর রহমান বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব বাংলাদেশের জন্য যেমন সম্মানের, তেমনি তার জন্যও এটি বড় একটি দায়িত্ব। এ দায়িত্ব যথাযথভাবে পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

বক্তব্যে জাতিসংঘের বর্তমান ভূমিকা তুলে ধরে তিনি বলেন, আট দশকের বেশি সময় ধরে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে জাতিসংঘ। সংস্থাটি তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

ড. খলিলুর রহমান বলেন, বিশ্বের কোটি কোটি মানুষের কণ্ঠস্বর তুলে ধরার পাশাপাশি বিভিন্ন বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতিসংঘ কাজ করে যাচ্ছে।

বিশেষ করে জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে শান্তি, সহযোগিতা ও বহুপাক্ষিকতার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ড. খলিলুর রহমান।