অনিয়মের অভিযোগের পর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ
অনিয়মের অভিযোগের মুখে ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের তদন্তের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। বুধবার (৯ সেপ্টেম্বর) ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্সের হাতে আসা পদত্যাগপত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সায়মা ওয়াজেদের পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এর আগে তাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের বিষয়ে গত ২০ আগস্ট স্বাধীন তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি।
সায়মা ওয়াজেদের বিরুদ্ধে ডব্লিউএইচওর পাশাপাশি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনও (দুদক) বিভিন্ন অভিযোগ তদন্ত করছে বলে জানিয়েছে রয়টার্স। তবে পদত্যাগের বিষয়ে সায়মা ওয়াজেদ ও ডব্লিউএইচওর কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।
রয়টার্স জানিয়েছে, আগামী মাসে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে পারে ডব্লিউএইচও।
২০২৩ সালের নভেম্বরে ভারতের নয়াদিল্লিতে ডব্লিউএইচওর আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন সায়মা ওয়াজেদ। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এর কয়েক মাস পর ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা দেশ ছাড়েন। এরপর অন্তর্বর্তী সরকারের সময়ে শেখ হাসিনার পাশাপাশি তার মেয়ে সায়মা ওয়াজেদকেও কয়েকটি দুর্নীতি মামলায় আসামি করা হয়।
২০২৫ সালের ১১ জুলাই সায়মা ওয়াজেদকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠায় ডব্লিউএইচও। সে সময় একজনকে ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালকের দায়িত্ব দেওয়া হলেও পরে তার মেয়াদ শেষ হয়ে যায়।
এদিকে ঢাকার একটি আদালত ২০২৫ সালের নভেম্বরে প্লট দুর্নীতির অভিযোগে করা একটি মামলায় সায়মা ওয়াজেদকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। এর আগে তাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশও দিয়েছিল আদালত।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীদের ওপর এর যে প্রভাব পড়েছে, সায়মা ওয়াজেদের পদত্যাগকে তার সর্বশেষ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।