সত্যিই কি ফের বিয়ে করছেন অভিনেত্রী জেনিফার
ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে নিয়ে নতুন করে শুরু হয়েছে গুঞ্জন। একাধিক সংবাদমাধ্যমের দাবি―দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী ইশমায়েল উইলিয়ামের সঙ্গে নাকি তার বাগদানও সম্পন্ন হয়েছে।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন ধরে প্রেম করছেন ইশমায়েল ও জেনিফার। অভিনেত্রীকে ওই ব্যবসায়ী বিয়ের প্রস্তাব দিয়েছেন এবং তাতে সম্মতি পাওয়ায় এখন তারা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন।

এর আগে একটি ওয়েডিং ডান্সের ইনস্টাগ্রাম রিলে একটি মন্তব্য করার পর থেকেই তাদের বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা খেয়াল করেন, অভিনেত্রী জেনিফার সোশ্যাল মিডিয়ায় বিয়ে-সংক্রান্ত কিছু বিষয় ফলো করতে শুরু করেছেন। ফলে তার বিয়ের পিঁড়িতে বসার গুঞ্জন আরও জোরালো হতে থাকে।

এদিকে প্রতিবেদনে বলা জেনিফার সূত্রের বরাত বলা হয়েছে, ইশমায়েল ও জেনিফার একসঙ্গে বেশ খুশি। তাদের একে অপরের প্রতি ভালোবাসা ও রসায়ন সত্যিই এক দারুণ মুহূর্ত। এক ছুটির দিনে অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ইশমায়েল এবং তাতে রাজি হন অভিনেত্রী।

বর্তমানে এই জুটি বিয়ের পরিকল্পনা করছেন। এরইমধ্যে অভিনেত্রী আয়োজক এবং ওয়েডিং সার্ভিসগুলোর তালিকা তৈরি করা শুরু করেছেন। এমনকি একটি খসড়াও তৈরি করেছেন জেনিফার।

সূত্রটি আরও জানিয়েছে, খ্রিস্টান রীতিতে বিয়ে হবে তাদের। বিয়ের জন্য সেপ্টেম্বর-অক্টোবর বা ডিসেম্বর-জানুয়ারির একটি সময় বিবেচনা করছেন। তবে এখনো বিয়ের ভেন্যু নির্বাচন করা হয়নি, সেটি খোঁজ করছেন। হার্লিন শেঠি এবং জেনেলিয়া দেশমুখসহ ইন্ডাস্ট্রির বন্ধু ও তাদের ঘনিষ্ঠরা এই পরিকল্পনার কথা জানেন।

প্রসঙ্গত, এর আগে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেনিফার। ‘দিল মিল গায়ে’ টিভি শো’র সেটে দেখা হয়েছিল তাদের, এরপর প্রেম হয় এবং পরে ২০১২ সালের এপ্রিলে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের মাত্র দুই বছর পর ২০১৪ সালে বিচ্ছেদ হয় এই জুটির।

তারপর ২০১৬ সালে অভিনেত্রী বিপাশা বসুকে বিয়ে করেন করণ সিং গ্রোভার। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যালোন’ সিনেমার শুটিংয়ের সময় এ অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন অভিনেতা। পরবর্তীতে জেনিফারকে আর বিয়ের ব্যাপারে আগ্রহী দেখা যায়নি। কিন্তু এবার বিয়ের খবর নিয়ে আলোচনায় এ অভিনেত্রী।