ব্রাজিল সমর্থকের আত্মহত্যার ঘটনায় অতিরিক্ত ট্রল বন্ধের আহ্বান অপূর্বের
এবারের আসরের ফুটবল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। দলটির সমর্থক এক যুবক বিষয়টি মেনে নিতে না পেতে আত্নতহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার (৬ জুলাই) কুষ্টিয়ার কুমারখালীতে। জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকার ২১ বছর বয়সী রতন ব্রাজিল দলের পরাজয়ের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরিবারের দাবি, প্রিয় দলের হার এবং তা নিয়ে আশপাশের মানুষের কটাক্ষ তাকে গভীরভাবে আঘাত করেছিল। পরে তিনি আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ঘটনাটি জানার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানান দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
তিনি লেখেন, ব্রাজিলের হারের পর একজন তরুণের মৃত্যুর খবর তাকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি সবাইকে খেলাকে শুধুই বিনোদন হিসেবে নেয়ার আহ্বান জানান। তার ভাষায়, প্রিয় দল জিতলে আনন্দ হবে, হারলে কষ্ট লাগবে এটাই স্বাভাবিক। তবে কোনো খেলাই যেন মানুষের জীবনের চেয়ে বড় হয়ে না ওঠে।

অভিনেতা আরও বলেন, একটি দল আজ হারতে পারে, ভবিষ্যতে আবার জিততেও পারে। ট্রফি একবার হাতছাড়া হলেও সামনে নতুন সুযোগ আসবে। কিন্তু একটি জীবন হারিয়ে গেলে সেটি আর কখনো ফিরে আসে না।
একই সঙ্গে ফুটবলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত ট্রল ও বিদ্রূপের সংস্কৃতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অপূর্ব। তিনি বলেন, খেলার অংশ হিসেবে হালকা ট্রল থাকতেই পারে, কিন্তু কাউকে অপমান বা হেয় করার মতো আচরণ থেকে সবাইকে বিরত থাকা উচিত। কারণ, যা একজনের কাছে নিছক মজা, অন্য কারও জন্য তা গভীর মানসিক কষ্টের কারণ হয়ে উঠতে পারে।