সংঘাত নয়, সমঝোতার রাজনীতি দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সংঘাত ও প্রতিশোধের রাজনীতি পরিহার করে গণতন্ত্র রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি। সকাল ১১টায় সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, হানাহানি ও সংঘর্ষ নয়, আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যেন আর হারিয়ে না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি জানান, প্রধানমন্ত্রীর অঙ্গীকার পূরণ করে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ শুরু হবে বলেও জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং শিক্ষার মান উন্নত হবে। ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনটিকে ঠাকুরগাঁও ও আশপাশের এলাকার মানুষের জন্য আনন্দের দিন হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রপতি।
এর আগে রোববার দুপুরে দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের ২৩তম রাষ্ট্রপতি হওয়ার পর নিজ জেলায় এটিই তার প্রথম সফর।