মেঘনায় ট্রলার ডুবি একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

২৬ সেপ্টেম্বর ২০২৬ - ০৭:৩৯ পূর্বাহ্ণ
 0
মেঘনায় ট্রলার ডুবি একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

মেঘনায় ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের বাবা হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন।

শনিবার সকালে উপজেলার বৈদ্যার বাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদী থেকে মরদেহ তিনটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। নিহতরা হলেন সজিব, সামিয়া ও শিশু সামিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার শ্রীমন্দী গ্রাম থেকে গরু, ছাগল ও ১৩ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সোনারগাঁয়ের মায়াময়ী গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। যাত্রীরা সেখানে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

পথে বৈদ্যার বাজার এলাকার কাছে মেঘনা নদীর মাঝপথে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়। এতে ট্রলারে থাকা আটজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে রাশিদা নামে এক নারীকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর থেকেই হেলাল উদ্দিন ও তার তিন সন্তান নিখোঁজ ছিলেন। শনিবার সকালে তিন সন্তানের মরদেহ উদ্ধার হলেও এখনো সন্ধান মেলেনি তাদের বাবার।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানিয়েছেন, নিখোঁজ হেলাল উদ্দিনের সন্ধানে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।