বিএনপি ক্ষমতায় থাকলে শেয়ারবাজার লুট হয় না: রিজভী

৭ সেপ্টেম্বর ২০২৬ - ১০:১২ পূর্বাহ্ণ
 0
বিএনপি ক্ষমতায় থাকলে শেয়ারবাজার লুট হয় না: রিজভী

বিএনপি ক্ষমতায় থাকলে শেয়ারবাজার লুট হয় না: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশে কখনো শেয়ারবাজার লুট হয়নি। বরং গ্রামীণ রাস্তাঘাটসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিএনপি গুরুত্ব দিয়েছে। দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই চ্যাম্পিয়ন ছিল বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একজন যোগ্য অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমানকে পেয়েছিলেন। তিনি আন্তর্জাতিকভাবে সমাদৃত ছিলেন এবং দেশের কৃষিভিত্তিক অর্থনীতির বাস্তবতা গভীরভাবে বুঝতেন।

রিজভী আরও বলেন, সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকাকালে শেয়ারবাজারে লুটপাট হয়নি। ১৯৯১ থেকে ১৯৯৬ কিংবা ২০০১ থেকে ২০০৬ সাল—কোনো সময়ই শেয়ারবাজারে হরিলুট হয়নি। কারণ, তিনি বুঝতে পারতেন কারা শেয়ারবাজারে ফটকাবাজি করছে এবং প্রয়োজন অনুযায়ী লকইনসহ বিভিন্ন পদক্ষেপ নিতেন।